উচ্চকক্ষের বিষয়ে আগামী দুদিনের মধ্যে কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া যাবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দ্বিতীয় দফায় পঞ্চদশ দিনের বৈঠকের শুরুতে তিনি এই কথা জানান।ড. রীয়াজ বলেন, ‘আমরা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই। এটা আপনাদের পক্ষ থেকেও নিঃসন্দেহে আপনারা চান। সেজন্যই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। ইতোমধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। কিছু কিছু বিষয় আছে, যেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ’
উচ্চকক্ষ বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আমরা আশা করেছিলাম শুক্র-শনিবারের আলোচনার মাধ্যমে কমিশনের সিদ্ধান্ত জানাতে পারবো। তবে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এ বিষয়ে আরেকটু সময় নিয়ে বিবেচনা করা দরকার। আপনাদের প্রস্তাবনাগুলো আবারও পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি সংবিধান সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও বিবেচনায় নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, দুদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাতে পারবো। ’
ঢাকা,রোববার ২০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















