মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে চার তরুণের প্রাণ গেছে। এ ঘটনায় আরেকজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম (ওসি) জানান, রাত দেড়টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে চার তরুণ প্রাণ হারিয়েছেন।
নিহতরা হলেন- রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া বাগানের চা শ্রমিকের সন্তান। আর আহত রবি বুনার্জী (২০) হাসপাতালে রয়েছেন।মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রাতের দায়িত্বে থাকা চিকিৎসক সব্যসাচী পাল তমাল বলেন, যে চারজনকে রাতে আমাদের কাছে নিয়ে আসা হয়, তারা সবাই মৃত ছিলেন। পরে রবি বুনার্জী নামে একজনকে আনা হলে তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাংকে একটা মোবাইল ফোন পরে যায়। সেটি তুলতে গিয়ে একে একে নেমে অচেতন হন নিহত ৪ তরুণ। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
শ্রীমঙ্গল,বৃহস্পতিবার ১০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















