কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ৮ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।বুধবার (৯ জুলাই) কুমিল্লার আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
কুমিল্লা আদালতের পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৫৫), রবিউল আওয়াল (৫৫), আতিকুর রহমান (৪২), মো. বায়েজ মাস্টার (৪৩), দুলাল (৪৫), আকাশ (২৪), মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী বলেন, দেশব্যাপী আলোচিত কুমিল্লার মুরাদনগরের দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮ আসামির গত ৭ জুলাই বিকেলে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। বুধবার (৯ জুলাই) ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। কুমিল্লার আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ রিমান্ড শুনানি শেষে প্রত্যেক আসামির তিনদিন করে মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৩ জুলাই সকালে উপজেলার কড়ইবাড়ি গ্রামে মা, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (২৭)।
হত্যার ঘটনায় গত শুক্রবার ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন নিহত রোকসানার বড় মেয়ে রিক্তা আক্তার।
কুমিল্লা,বুধবার ০৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















