মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুর থেকে সাত মাস বয়সি লামিয়া ও সামিহা নামে দুই যমজ শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুদের চাচা সাকিব শেখ বলেন, ‘রাত ৮টার দিকে সোহাগের ঘর থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে শান্তার কাছ থেকে জানতে পারি, সোহাগ বাচ্চাদের ডোবায় ফেলে দিয়েছেন। তখন ঘরে সোহাগকে পাওয়া যায়নি। আমি পুকুরে গিয়ে দেখি, দুই শিশু উপুড় হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিনথিয়া নূর বলেন, ‘দুই শিশুরই পেটভর্তি পানি ছিল। পানি থেকে তোলার আগেই হয়তো তাদের মৃত্যু হয়েছে।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হুদা খান বলেন, ‘দুই শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সঠিক ঘটনা উদঘাটনে তদন্ত চলছে, পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।’প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় দুই শিশুর বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সিগঞ্জ,সোমবার ০৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















