ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন
শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সোহরাব একই ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে। এর জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরে দুপুর ১টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ১ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সমর্থক সোহরাব মিয়া মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন
এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) তপন সরকার জানান, দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরেই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
আহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া,শনিবার ০৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















