চট্টগ্রামের পটিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) সকালে ব্লকেড কর্মসূচি পালন করতে প্রথমে পটিয়া থানার সামনে অবস্থান নেন তারা। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগরের মুখপাত্র ফাতেমা খানম বলেন, মঙ্গলবার রাতে দুই দফা হামলার প্রতিবাদে সকাল থেকে নেতা-কর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সেখানেও পুলিশ বাধা দেয়। এ সময় ধাক্কাধাক্কিতে একজন নারী কর্মী আহত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, ‘ওসি জায়েদ নূরের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব’।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দে’কে আটক করে থানায় সোপর্দ করতে যান এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে দীপঙ্করের নামে কোনো মামলা না থাকায় ওসি তাকে গ্রেপ্তারে অপারগতা জানান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী, এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমানসহ কয়েকজন আহত হন।
সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন বলে দাবি শিক্ষার্থীদের। তবে পুলিশের দাবি, থানায় প্রবেশ করে মব সৃষ্টির চেষ্টা করা হয়। তা প্রতিহত করতে গিয়ে পুলিশের ৩-৪ জন সদস্য আহত হয়েছেন।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, তারা থানার সামনে অবস্থান নিয়ে কিছু দাবি জানিয়েছে। বিষয়টি আমরা বিবেচনায় নিচ্ছি। আশা করছি দ্রুত শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো যাবে।
চট্টগ্রাম,বুধবার ০২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















