জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (৩০ জুন) আবু সাঈদ হত্যার ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ, রংপুর মেট্রাপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে কারাগারে থাকা ৪ আসামিকে গ্রেফতার দেখানো হয়। ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
আলোচিত এ মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন: সরাসরি গুলি করা পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।
জুলাই গণ-অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল গত বছরের ১৬ জুলাই বেরোবির ছাত্র আবু সাঈদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত শহীদ আবু সাঈদ হয়ে ওঠেন স্বৈরাচারবিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস।
ঢাকা,সোমবার ৩০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















