মানিকগঞ্জের ঘিওরে ‘মানিক কম্পিউটারের’ স্বত্বাধিকারীর দাড়ি ধরে টানাটানির ঘটনায় অভিযুক্ত নাসিম ভুঁইয়াকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ।আটক নাসিম ঘিওর উপজেলার সদর ইউনিয়নের মোশাররফ হোসেন ওরফে বাচ্চু ভুঁইয়ার ছেলে।
জানা যায়, গত সোমবার (২৩ জুন) সন্ধ্যার দিকে মানিক কম্পিউটার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলী আজম মানিকের সঙ্গে নাসিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাসিম তার দাড়ি ধরে টানাটানি করেন এবং তাকে মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগী ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন।
দাড়ি ধরে হেনস্তা ও মারধরের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকেন অভিযুক্ত নাসিম ভূইয়া।
এদিকে ঘটনার পর নাসিম এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মানিকগঞ্জ,শুক্রবার ২৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















