সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার- এই দুই দিন বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।সপ্তাহের এই দুই দিন (সোম ও বৃহস্পতিবার) অনুমোদিত কার্ডধারী ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।
সচিবালয়ের নিরাপত্তা শাখার যুগ্মসচিব মো. জসীম উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিষয়াদি বিবেচনায় সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঢাকা,বৃহস্পতিবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















