চীনের শানডং প্রদেশের গাওমি শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ছয়জন।মঙ্গলবারের (২৭ মে) এ বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।
বিস্ফোরণের ভয়াবহতায় কারখানার আশপাশের এক কিলোমিটার এলাকাজুড়ে বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে, ছাদ উড়ে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে রাসায়নিক পদার্থ। এখনও বাতাসে ভাসছে কালো ও ধূসর ধোঁয়ার স্তর।২০১৯ সালের আগস্টে গাওমির রেনহে কেমিক্যাল পার্কে স্থাপিত শানডং ইউদাও কেমিক্যাল প্ল্যান্টে কৃষিকাজ ও ওষুধ তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উৎপাদন হয়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, সেখানে প্রায় ৩০০ কর্মী কাজ করেন।
স্থানীয় প্রশাসন এখনো বিস্ফোরণের প্রকৃত কারণ জানায়নি। মঙ্গলবার ঘটনাস্থলের বাতাসের মান পরীক্ষা করা হলেও রিপোর্ট প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ২৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















