বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২২ মে) এ আদেশ দেন।
ফলে মেয়র পদে ইশরাক হোসেনের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
রিটের ওপর মঙ্গলবার দুই দফা শুনানি শেষে আদেশের জন্য বুধবার সাড়ে ১২টায় সময় নির্ধারণ করা হয়। আদেশের আগে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন রিট খারিজের পক্ষে শুনানি করেন।
পরে এর জবাব দেন রিটের পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। এর আগে মঙ্গলবার আদালতে আইনজীবী মোহাম্মদ হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালের রায় থেকে কয়েকটি ‘ভুল’ আদালতে তুলে ধরে রুল জারির আর্জি জানান।
আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামালের মতে, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও আদেশের বিরুদ্ধে বিবাদী পক্ষ সংক্ষুব্ধ হলে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারে। তবে সেটা হতে হবে মামলার বিবাদী পক্ষ। যেমন ফজলে নূর তাপস। কিন্তু সেখানে আপিল না করে একজন আইনজীবী রিটকারী হয়ে হাইকোর্টে আসতে পারেন না। তাই এ রিট খারিজযোগ্য।
ঢাকা,বৃহস্পতিবার ২২ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















