নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট। তিনি চতুর্দশ পোপ লিও নামে পরিচিত হবেন।
ক্যাথলিক গির্জার ইতিহাসে তিনিই প্রথম কোনো মার্কিন পোপ।
এর আগে ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে। এর মানে হলো ভোটদান প্রক্রিয়া শেষ হওয়া এবং কার্ডিনালদের পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নেওয়া।
৬৯ বছর বয়সী প্রেভোস্ট যখন ভ্যাটিকানের ব্যালকনিতে এসে দাঁড়ান, তখন সেন্ট পিটার্স স্কয়ারে জমায়েত হাজারো মানুষের কাছ থেকে তিনি উষ্ণ অভ্যর্থনা ও করতালির মাধ্যমে অভিনন্দন পান।
তিনি বলেন, আপনাদের সবার প্রতি শান্তি বর্ষিত হোক।
শিকাগোতে জন্ম নেওয়া প্রেভোস্টকে সংস্কারপন্থী হিসেবে দেখা হয়। তিনি বহু বছর পেরুতে মিশনারি হিসেবে কাজ করার পর সেখানেই আর্চবিশপ নিযুক্ত হন।
গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে।
এবার ২৬৭তম পোপ নির্বাচন করলেন কার্ডিনালরা, যে নির্বাচন প্রক্রিয়াকে কনক্লেভ বলা হয়।
বুধবার সকালে প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয় পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ০৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















