মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক লাল্টু বিশ্বাস লক্ষ্মী নারায়ণপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
এর আগে ভোর ৪টা থেকে সেনাবাহিনীর একটি দল লাল্টু বিশ্বাসের বাড়ির চারপাশ ঘেরাও করে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে লাল্টু বিশ্বাসকে অস্ত্র-গুলি-ম্যাগাজিনসহ আটক করা হয়।
মেহেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রওশন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আমার ও লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, লাল্টু নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, যানবাহনে ছিনতাই, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে বলে জানায় সেনাবাহিনী।
যৌথবাহিনী জানায়, লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর,শুক্রবার ১১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















