আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে কোনো নিরাপত্তা ঝুঁকি ও ঘাটতি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়সহ দেশে ব্যাপকভাবে বা পরিসরে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা নিয়ে আজকে আলোচনা হয়েছে। এ বিষয়ে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি রোজার সময় যেভাবে চলেছে এ সময়ও সেভাবে চলবে। যাতে কোনো ধরনের অঘটন যেন না ঘটে সে ধরনের ব্যবস্থা আমরা নেবো।
বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, নববর্ষে রমনার বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরসহ ঢাকার বাইরের বিভিন্ন জেলায় অনুষ্ঠান হবে সেসব স্থানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে।
নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি আছে কি না? জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট (নিরাপত্তাহ হুমকি) নেই। এবার ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদযাপন হবে। ফলে সেই বিষয়টি সামনে রেখে এবার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য যা করা প্রয়োজন সেসব করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের ৮ মাসে আইন-শৃঙ্খলা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা যতটুকু সন্তুষ্ট আমিও ততটুকু সন্তুষ্ট।’
বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুর হয়েছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এসব দোকানের সামনে নিরাপত্তা বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যেখানে ঘটনা ঘটেছে সেখানেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। যেটা ঘটে গেছে এবং যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেবো। এ ঘটনায় ইতোমধ্যে জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সচেষ্ট থাকবো।
ঢাকা,মঙ্গলবার ০৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















