বাংলাদেশের জন্য প্রস্তাবিত মার্কিন শুল্ক প্রস্তাবের পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প বরাবর চিঠি লিখেছেন। চিঠিতে আগামী তিন মাসের জন্য ৩৭ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত করার অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রফতানি বাড়ানোর জন্য কাজ করবে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন নিয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশি পণ্যে শুল্ক প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টা এই চিঠিতে সই করেছেন। বাণিজ্য উপদেষ্টা আরেকটি চিঠি পাঠাবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরে।
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা যে চিঠি পাঠিয়েছেন, সেখানে তিন মাসের জন্য আরোপিত শুল্ক স্থগিত করার জন্য অনুরোধ করেছেন।
তিনি বলেন, শুল্ক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এ বিষয়ে উদ্যোগ নিয়েছি। এটা নিয়ে কাজ করছি। আশা করি সুফল আসবে।
যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার শনিবার (৫ এপ্রিল) সরকার থেকে জরুরি বৈঠক ডাকা হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত সেই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, যুক্তরাষ্ট্রের কাছে দুইটি চিঠি পাঠানো হবে।
ঢাকা,সোমবার,০৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















