কক্সবাজারের উখিয়ায় ‘জমি নিয়ে বিরোধের জেরে’ দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন৷
রোববার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। নিহত তিনজনই আপন চাচাতো ভাই-বোন।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও তার চাচাতো ভাই আব্দুল মান্নানদের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরে ঝগড়া বিবাদ চলছিল। রোববার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং প্রতিপক্ষ আব্দুল মান্নান ও তার বোন শাহিনার মৃত্যু হয়। মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার মসজিদের খতিব।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, জমি বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।
কক্সবাজার,রোববার ০৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















