মাদক মামলা যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার এই আদেশ দেন।একইসঙ্গে আসামি সম্রাট এদিন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ মামলায় ২০২০ সালের ৬ নভেম্বর অভিযোগপত্র দাখিলের পর তা বদলি হয়ে মহানগর দায়রা জজ আদালতে আসে। ২০২১ সালের ২০ অক্টোবর অভিযোগপত্র আমলে গ্রহণ করে মামলাটি বিচারের জন্য এই আদালতে বদলির আদেশ দেন ঢাকার তৎকালীন মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
২০১৯ সালের ৫ অক্টোবর গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরদিন তাদের নিয়ে রাজধানীতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র্যাব।
ঢাকা,বৃহস্পতিবার ৩০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















