নরসিংদী সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজারে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৪) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন কিশোরীর মা আসমা বেগম (৪০)।সোমবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজারের মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
হতাহতরা সদর উপজেলার শেখেরচর বাবুরহাটের চায়ের দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে। তিথি স্থানীয় মিফতাউল কুরআন মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিথী, তার প্রতিবন্ধী ভাই (৪) ও মা আছমা বেগম ঘরেই ছিল। রাত ১১টার দিকে তিথীর বাবা মোফাজ্জল হোসেন নিজের পানের দোকান থেকে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীদের সহযোগিতায় মোফাজ্জল আহত মা-মেয়েকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তিথীকে মৃত ঘোষণা করেন। মা আছমা বেগমকে গুরুতর আহত অবস্থায় মাধবদীর প্রাইম হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় তার প্রতিবন্ধী শিশু সন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করা হয়।মোফাজ্জল হোসেন বলেন, ছোট বাড়িটির নীচতলায় কাপড়ের দোকানের গোডাউন হিসেবে ভাড়া দেওয়া। দ্বিতীয় তলায় স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করি। গতকাল রাতে বাসায় ফিরে দেখি স্ত্রী ও মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কে বা কারা কী কারণে ঘরে ঢুকে আমার স্ত্রী-সন্তানকে কুপিয়েছে বুঝতে পারছি না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, ওসি মো. এমদাদুল হক, ডিবির ওসি মো. কারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, নিহত তিথীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে পালিয়ে গেছে। বাড়ির ভেতরে কোনো জিনিস লুটপাট করা হয়েছে কিনা তা দেখা হচ্ছে। এ ব্যাপারে আমরা কাজ করছি।
নরসিংদী,মঙ্গলবার ২৮ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















