ভারতের নাগপুরে সকালে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আটজন শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এ বিস্ফোরণ ঘটে।বিকেলে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রী বলেন, ভান্ডারার অর্ডন্যান্স ফ্যাক্টরিতে একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যার ফলে আটজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।
মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় কারখানার এলটিপি বিভাগে এ বিস্ফোরণ ঘটে বলে জানান জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলকর্মী এবং চিকিৎসাসেবা কর্মীরা উপস্থিত রয়েছেন।
এর আগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিস্ফোরণে কারখানার ছাদ ধসে পড়ে। ধ্বংসাবশেষ অপসারণের জন্য একটি খননকারী যন্ত্র ব্যবহার করা হয়। জওহর নগর এলাকার কারখানার এলটিপি অংশে থাকা ১৪ জন শ্রমিক আটকা পড়েন। প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন মারা গেছেন।
তারা আরও জানান, বিস্ফোরণটি এতই তীব্র ছিল যে ৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা গেছে। দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২৪ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















