পটুয়াখালীর কলাপাড়ায় হাত-পা বাঁধা অবস্থায় মোসা.শাহানাজ পারভীন (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে। ঘটনার সময় শাহানাজ পারভীন ব্যতীত বাড়ীতে কেউ ছিল না। নিহত গৃহবধূ সাবেক সেনাবাহিনী সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই নারী তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন। সকালে তার দেবর শাহআলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দেয়। এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এছাড়া কলাপাড়ায় মাত্র পাঁচ মাসের ব্যবধানে পৌর শহর সহ বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বলে এলাকাবাসী অনেকে মন্তব্য করেছেন। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি ডাকাতি নাকি দুর্ধষ চুরি সেটি তদন্ত করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ২১ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















