অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে চার সংস্কার কমিশন।বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা এই প্রতিবেদন জমা দেন।প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলো হলো— নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন।
সূত্র জানিয়েছে, প্রতিবেদন জমা দেওয়ার পর রিপোর্ট নিয়ে আলোচনা হবে। এখন প্রধান উপদেষ্টার সঙ্গে চার সংস্কার কমিশনের প্রধানের বৈঠক চলছে। বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রতিবেদন জমার পর প্রধান উপদেষ্টা সঙ্গে চার সংস্কার কমিশনের প্রধানের বৈঠক করেন। প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে এ বৈঠকে। পরবর্তীতে এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।
ঢাকা,বুধবার ১৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















