চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে লিটন দাসকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সবশেষ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন দাস। পুনেতে ভারতের বিপক্ষে ওই ম্যাচের পর ১৩ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি তিনি।
সাম্প্রতিক সময়ে অবস্থা ছিল আরও খারাপ। সবশেষ সাত ইনিংসে তার সর্বোচ্চ ছয় রান। এই সময়ে তিনবার আউট হয়েছেন শূন্যতে। শেষ অবধি তাকে অধারাবাহিকতার মূল্য চোকাতে হলো চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না থেকে।
ওপেনার হিসেবে দলে সৌম্য সরকার ও তানজিদ হাসানের সঙ্গে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি তার। বিপিএলের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মাঠে নামতে পারেননি সৌম্য। তবুও তার ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।
স্কোয়াডে জায়গা পেয়েছেন চার পেসার। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে পারফর্ম করা হাসান মাহমুদ সুযোগ পাননি। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট খেলতে যাবেন নাহিদ রানা।
বাঁহাতি স্পিনারের তালিকায় বরাবরই বাংলাদেশের ভরসা ছিলেন সাকিব আল হাসান। কিন্তু বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা ও নানা বাস্তবতার কারণে তার না থাকা ছিল অনুমিতই। তার জায়গায় নাসুম আহমেদকে দলে নেওয়া হয়েছে। আছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজও।
১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে।
ক্রীড়া ডেস্ক,রোববার ১২ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















