বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ১৫ পুলিশ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, লতিফ বিশ্বাসকে এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে আদালতে পাঠিয়েছেন।
আব্দুল লতিফ বিশ্বাস ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন।
এর আগে আজ দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে লতিফ বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী। আটকের পর তাকে সিরাজগঞ্জ সরকারি কলেজে সেনাক্যাম্পে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জ,রবিবার ০৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















