পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত আনোয়ার হোসেন তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমজুয়ানী এলাকার রফিকুল ইসলামের পুত্র।নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ভারতে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ এবং চোরাই দুটি গরু নিয়ে যায় বিএসএফ। এসময় আনোয়ারের সঙ্গীরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যান।
বিজিবি জানায়, বিএসএফের দাবি, বটি ও বাঁশের লাঠি দিয়ে বিএসএফের ওপর হামলা করায় আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা হবে।
পঞ্চগড়,শুক্রবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















