রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় গত ৩১ অক্টোবর সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (১ নভেম্বর) তাদের ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটকরা হলেন রিফাত, হৃদয় এবং ইয়াসিন। আন্তঃবিভাগ জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএসপিআর জানায়, রাজধানীর কাফরুল ও ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী।
পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা,শুক্রবার ০১ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















