রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা শত শত শিক্ষার্থী আর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দিয়েছেন তারা। সরকারবিরোধী নানা স্লোগানে প্রকম্পিত করে তুলেছেন এলাকা।শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার পর থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে থাকেন। দুপুর আড়াইটার পর বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা।বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায়, পায়ে হাঁটার পাশাপাশি রিকশা, সিএনজিসহ বিভিন্ন মাধ্যমে শহীদ মিনারে আসছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে দেখা গেছে অভিভাবকদেরও। আছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, শিক্ষক এমনকি রিকশাচালকরাও। যেন জনমানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সমাবেশ যোগ দেওয়া জনমানুষের ভিড় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে ছড়িয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জগন্নাথ হলসহ অন্যান্য রাস্তায়।
ঢাকা,শনিবার ০৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















