সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করে আওয়ামী লীগের ৫১০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া একই মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) মামলাটি দায়ের করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা করা হয়েছে।
রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম।
তিনি বলেন, মামলাটি আজই এফআইআরভুক্ত হয়েছে। মামলায় এজহারভুক্ত নামীয় আসামি হলেন ৫১০ জন এবং অজ্ঞাতনামা আসামি হচ্ছেন ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন।
চাঁদপুর,বৃহস্পতিবার ১৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















