শ্রম আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া সাজা বাতিল করেছেন আদালত।
বুধবার (০৭ আগস্ট) ঢাকার শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল তার করা আপিল মঞ্জুর করে এই রায় দেন।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। খালাস পাওয়া অন্যরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা তাদের ৬ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২৫ দিনের কারাদণ্ডের রায় দেন। এরপর আসামিপক্ষ আপিলের শর্তে জামিন আবেদন করলে তিনি তাদের এক মাসের জন্য জামিন দেন।
সেই সাজা বাতিল চেয়ে গত ২৮ জানুয়ারি সকালে আপিল আবেদন করেন ইউনূসসহ চার আসামি। এ সময় তাদের পক্ষে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদনও করা হয়। ওইদিনই আসামিপক্ষের আপিল শুনানির জন্য গ্রহণ করে ৩ মার্চ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত। এরপর কয়েক দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।
আজ সেই আপিলের চূড়ান্ত শুনানি হয়। শুনানি শেষে আদালত তার সাজা বাতিল করে খালাসের রায় দেন।
ঢাকা,বুধবার ০৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















