সরকারি চাকরিতে সকল গ্রেডে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে আজ (৮ জুলাই) ফের রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
রোববার শাহবাগ থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন।
আন্দোলনকারীদের দেওয়া তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর মোড়, কারওয়ান বাজার, হাতিরপুল মোড় অবরোধ করবেন।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের শিক্ষার্থীরা নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থীরা চানখারপুল মোড়ে অবস্থান নেবেন।
এছাড়া, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের শিক্ষার্থীরা আগারগাঁও সড়কে অবরোধ করবেন।
এদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) দুপুর দেড়টায় বাকৃবির জব্বারের মোড় এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় কোটাবিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। গত তিন দিন ধরে বিভিন্ন দাবিতে একই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
ঢাকা,সোমবার ০৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















