প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ভাবে ফিরে এসে নিজেদের ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো জয় তুলে নিল মিশর। সোমবার (২২ জুন) কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নেয় ফারাওরা। বিসি প্লেস ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে, শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নিউজিল্যান্ড। ১৫ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেড করে অল হোয়াইটসদের এগিয়ে দেন ফিন স্যারম্যান। ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে নিউজিল্যান্ড। তবে বিরতির আগে সালাহ এবং ইমাম আশুর দুজনেই গোলের খুব কাছাকাছি গেলেও নিউজিল্যান্ড গোলকিপার ম্যাক্স ক্রোকোম্বের কাছে আটকে যান তারা।
দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে কৌশলে বেশ কিছু পরিবর্তন আনেন মিশরের কোচ হোসাম হাসান। এরপরই পাল্টে যায় ম্যাচের চিত্র। ম্যাচের ৫৮ মিনিটে মোহাম্মদ হানির ক্রস থেকে গোল করে মিশরকে সমতায় ফেরান মোস্তফা জিকো। এরপর নিজের ক্লাস দেখান মোহাম্মদ সালাহ। জিকোর সঙ্গে ওয়ান-টু পাসে বক্সে ঢুকে নিচু শটে গোল করে মিশরকে এগিয়ে দেন তিনি। মিশর পায় ২-১ গোলের লিড।
৮২ মিনিটে কর্নার কিক থেকে আবারও অ্যাসিস্ট করেন সালাহ, আর বদলি খেলোয়াড় ট্রেজেগুয়ে হেডে গোল করে ৩-১ গোলে ফারাওদের জয় নিশ্চিত করেন।
ক্রীড়া ডেস্ক,সোমবার ২২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















