বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২১ মে) রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো একসময়ে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত আরিফুল নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময়ে পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখায় কর্মরত এএসআই আরিফুল ইসলাম গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে শুক্রবার সকালে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতোয়ার রহমান এতথ্য নিশ্চিত বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বগুড়া,শুক্রবার ২২ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















