সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগ খাতকে আরো আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জাইকার দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাইকার অব্যাহত সহায়তার প্রশংসা করেন।
এসময় জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদারের আশ্বাস প্রদান করে।
ঢাকা,বৃহস্পতিবার ২১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















