রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চোরাকারবারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)-উত্তরা বিভাগ।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তাররা হলেন, মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)।
ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় উত্তরাপূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে থেকে মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার হেফাজত থেকে চার লাখ জাল টাকা ও এবং জাল টাকা বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ২টার দিকে গাজীপুর মহানগর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত হতে আরও ৩০ লাখ জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, এক রোল সোনালী রংয়ের ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপ সম্বলিত সাদা কাগজ, ১০০টি একপাশে ১০০০ টাকার প্রিন্ট করা কাগজ অপর পাশে সাদা, দুই লিটারের দুটি তরল জাতীয় গাম, একটি কাটার এবং জলছাপ বসানোর দুটি ডাইস উদ্ধার করা হয়।
ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা আন্তঃজেলা জাল টাকা তৈরি চক্রের সক্রিয় সদস্য।
তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট ও বিপণিবিতানে তাদের তৈরি জাল টাকাগুলো সহযোগীদের মাধ্যমে বাজারে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















