আগামী ১ মে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল।
ওইদিন দুপুর ২টা ৩০ মিনিটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।এতে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে-এটাই দলের দৃঢ় অবস্থান। তিনি অভিযোগ করেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতে চায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরের ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে’-এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে এবং বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা চলছে।
ছাত্র রাজনীতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে।
এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শ্রমিক ইস্যুতে তিনি বলেন, গত ১৭ বছর শ্রমিকরা বঞ্চিত ছিলেন। তাদের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা,শনিবার ২৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















