রাজধানীর অভিজাত এলাকা গুলশান-১ সংলগ্ন গুদারাঘাট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে লেকপাড় ও সড়কের পাশের প্রায় অর্ধশতাধিক অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এই যৌথ অভিযান শুরু হয়।
সরেজমিনে সকালে গুদারাঘাট এলাকায় গিয়ে দেখা যায়, রাজউকের ভারী হুইল এস্কেভেটর দিয়ে ফুটপাতের ওপর গড়ে তোলা সারি সারি অস্থায়ী দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে।গুলশান-১ থেকে গুদারাঘাট অভিমুখে যাওয়ার পথে ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব দোকান উচ্ছেদের পর অভিযানটি লেকপাড়ের দিকে অগ্রসর হয়। সেখানেও ফুটপাত ও চলাচলের পথ আটকে তৈরি করা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উচ্ছেদ চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নগরবাসীকে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ করে দিতেই এই বিশেষ পদক্ষেপ।
ঢাকা,শুক্রবার ২৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















