নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেছেন, “দালালের প্রলোভনে না পড়ে বিদেশ যাওয়ার সময় সবাইকে জেনে-বুঝে এবং লাভ-ক্ষতির বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।”
আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিদেশ-ফেরত নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং তাঁদের প্রাপ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
নিরাপদ অভিবাসনে গুরুত্বারোপ
কর্মশালায় বক্তারা অভিবাসন-প্রবণ জেলা হিসেবে নরসিংদীর মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। মূল আলোচনায় উঠে আসা বিশেষ দিকগুলো হলো:
সঠিক তথ্য যাচাই: বিদেশ যাওয়ার আগে ভিসার শর্ত, কাজের ধরন এবং ভাষা সম্পর্কে সম্যক ধারণা রাখা।
যথাযথ প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে ঝুঁকি কমে এবং অর্থনৈতিক সফলতার সম্ভাবনা বাড়ে।
বিদেশ-ফেরত নারী ও শিশুদের সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে সরকারি-বেসরকারি সংস্থাকে পাশে দাঁড়ানো।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা মানিক মোহাম্মদ তৈমুর গোফরান বলেন, “প্রস্তুতিহীন বিদেশযাত্রা কেবল ব্যক্তির জন্য নয়, দেশের জন্যও ঝুঁকিপূর্ণ। তাই প্রতিটি পদক্ষেপে সতর্কতা প্রয়োজন।”
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত কর তাঁর বক্তব্যে বলেন, “বিদেশ-ফেরত নারীদের অনেকেই কারিগরি কাজে দক্ষ। এই দক্ষ জনশক্তিকে দেশের সম্পদে রূপান্তর করতে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।”
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার তানজিনা সুলতানা সেঁজুতির মূল প্রবন্ধ উপস্থাপনায় এবং রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন:
হেলেনা নুর, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়।
মোঃ মিজানুর রহমান, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ব্র্যাক।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, আইনজীবী, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা এবং বিদেশ-ফেরত নারী অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম > ২০০৬ সাল থেকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ এবং বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে কাজ করে যাচ্ছে। ‘প্রত্যাশা-২’ প্রকল্পটি এই ধারাবাহিকতারই একটি অংশ।
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,বুধবার ১৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















