ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করে জেলা নির্বাচন কমিশন।
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটসহ মোট ১৫১টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।
নির্বাচন কমিশন জানায়, এ আসনে এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালটসহ মোট ৪৩ শতাংশ ভোট পড়েছে।
বিকেল সাড়ে ৪টায় ভোট শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনেও এদিন সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে।
রাতে মোট ১২৮ কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ১০ এপ্রিল সকাল ১১টায় সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এর মধ্যে কাচি মার্কা মিজানুর রহমান ৪৮০ ভোট।
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, পোস্টাল ব্যালট ছাড়া এ আসনে মোট ভোট পড়েছে ৫২ শতাংশ। এ আসনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ১৫ হাজার ৭৩৪ জন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ধাপে ধাপে ফলাফল সংগ্রহের পর তা ঘোষণা করা হয়।
ঢাকা,বৃহস্পতিবার ৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















