ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের দুই সদস্যসহ মোট তিনজন।রোববার (২৯ মার্চ) ভোরে মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ভোর পাঁচটার দিকে তারা দুর্ঘটনার খবর পান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, বরিশালগামী যাত্রীবাহী গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গর্তে পড়ে যায়। এ ঘটনায় চারজন বাস যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করার পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বরিশাল,রোববার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















