নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ মিলেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে অভিযুক্ত দুই আসামিকে দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সোমবার ভোর ৪টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে।গ্রেপ্তাররা হলেন, দিঘীবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান ও একই এলাকার ইসলাম ড্রাইভারের ছেলে আব্বাস।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে।
একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন জানিয়ে ওসি বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নারায়ণগঞ্জ,মঙ্গলবার ২৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















