রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় শাহিন (৪৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারসহ চালককে আটক করেছে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে মেরাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আলাউদ্দিন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, শাহিন রাত পৌনে ১১টার দিকে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন।এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার পেছন থেকে তার অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















