জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ২২ ঘণ্টা পরও চলছে গণনা।জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ১৮টি বিভাগের (কেন্দ্র) ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে হাড্ডাহাড্ড লড়াই দেখা যাচ্ছে। এর মধ্যে একেএম রাকিব (ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত) ২১৫৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম (শিবির) ২১২৯ ভোট পেয়েছেন।অর্থাৎ দুই প্রার্থীর ভোটের ব্যবধান ২৫।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জকসু নির্বাচনের ফলাফল কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে থাকা এ কে এম রাকিব জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী।
নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ২৩৬৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা। তিনি পেয়েছেন ১০৩০ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা।তিনি পেয়েছেন ২০৮৫ ভোট। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ১৮৯০ ভোট।
নির্বাচন কমিশন জানায়, অন্য বিভাগগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে।
ঢাকা,বুধবার ০৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















