ঢাকা–চাঁদপুর-বরিশাল–ভোলা নৌরুটে ঘন কুয়াশার কারণে মেঘনায় কয়েকটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক ২টার দিকে মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর সীমান্তবর্তী নীলকমল বাংলা বাজার এলাকায় ঢাকাগামী জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে।এই দুর্ঘটনায়ই চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, হাইমচরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়।
জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান।
অন্য আহতদের নিয়ে জাকির সম্রাট লঞ্চটি ঢাকা যাওয়ার পথে বাকি তিনজন মারা যান।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা চারজন। সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চটি পরিদর্শনে আসছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় চারজন মারা গেছেন।
বরিশাল,শুক্রবার ২৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















