ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।সবকিছু ঠিক থাকলে দুপুর দেড়টার দিকে আহত ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন থাকায় আজই তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে। এর আগে রোববার তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওসমান হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া তার চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলেও জানানো হয়েছে।
ঢাকা,সোমবার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















