চামড়া শিল্প, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্যের সমাহার নিয়ে শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে আজ (৪ ডিসেম্বর, বৃহস্পতিবার) এ আয়োজনের এগারতম আসরের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশসহ চীন, ভারত ও পাকিস্তানের শিল্প সংগঠনের প্রতিনিধিরা।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘বাংলাদেশে চামড়া শিল্প এখনো তার পূর্ণ সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ‘লেদারটেক’ এর মতো প্রদর্শনী শুধু প্রদর্শনীই নয়, বরং সেই সম্ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে চমৎকার প্রয়াস। চামড়া শিল্প যে নতুন অধ্যায়ে প্রবেশ করতে প্রস্তুত, এ ধরনের আয়োজন আমাদের সে বার্তাই দেয়। সরকারি-বেসরকারি প্রচেষ্টা সমন্বয় করে বাংলাদেশের চামড়া শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি’।
লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘চামড়া শিল্পে বাংলাদেশ এখন রপ্তানি-ভিত্তিক উৎপাদন ত্বরান্বিত করার এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরবর্তী পর্যায়ে যেতে হলে নীতিগত সহায়তা অত্যন্ত জরুরি। আমাদের দেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সঠিক সংযোগ তৈরি করতে পারলে চামড়াশিল্পের প্রযুক্তিগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে’।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এবং ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, ‘চামড়াজাত পণ্য আমাদের দেশের একটি সম্ভাবনাময় রপ্তানি খাত। ‘লেদারটেক’ এর মতো আয়োজন আন্তর্জাতিক বাজারে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে সহযোগিতা করছে’।
আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘এবারের আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনসহ মোট আটটি দেশ থেকে আসা প্রায় ২০০ টি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবেন। আয়োজনে কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস ইন্ডিয়া (সিএলই), পাকিস্তান ট্যানার্স অ্যাসোসিয়েশন (পিটিএ), ইন্ডিয়া ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ইফকোমা) সহ চীনের গুয়াংডং সু-মেকিং মেশিনারি অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) পৃথক পৃথক প্যাভিলিয়ন থাকছে। এছাড়া, প্রদর্শনীর সঙ্গে যুক্ত রয়েছে দেশের অন্যতম প্রধান শিল্প সংগঠনগুলো। যার মধ্যে প্রদর্শনীর বিবিধ বিষয়ে সহায়তা প্রদান করছে এলএফএমইএবি।’
‘লেদারটেক বাংলাদেশ’-এর যাত্রা শুরু হয় ১১ বছর আগে। শুরুতে এটি ছিল একটি প্রযুক্তি প্রদর্শনী প্ল্যাটফর্ম যার লক্ষ্য ছিলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে জুতা, ভ্রমণ আনুষাঙ্গিক এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন প্রযুক্তিকে দেশের শিল্প উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। সময়ের সঙ্গে এই আয়োজনটি বাংলাদেশের চামড়া, জুতা এবং সংশ্লিষ্ট খাতের উদ্ভাবন ও বাজার সম্প্রসারণের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে। গত এক দশকে ‘লেদারটেক বাংলাদেশ’ চামড়া শিল্পের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছে।
তৈরি পোশাকের পরই দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও জুতা শিল্পের অবস্থান। বিশ্ববাজারের চামড়াজাত পণ্যের ৩ শতাংশ এবং বৈশ্বিক চামড়ার মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করে এই শিল্প। শিল্পনীতি ২০২২–এ রপ্তানি বহুমুখীকরণের অগ্রাধিকার খাত হিসেবে তালিকাভুক্ত হওয়ায়, খাতটি এখন বৈশ্বিক উৎসের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, চলতি ২০২৫–২৬ অর্থবছরের অক্টোবর শেষে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে চামড়া ও জুতা শিল্প।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















