তাজরিন ট্রাজেডির ১৩ বছর পূর্তিতে নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত তাজরিন ফ্যাশনের সামনে এ শ্রদ্ধা জানান তারা।এ সময় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ও আহত শ্রমিকদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।শ্রমিক নেতারা বলেন, আজকে তাজরিনের ১৩ বছর কিন্তু এ ঘটনায় কোনো বিচার এখনো হয়নি। নিহত শ্রমিকদের পরিবারগুলো কষ্টে দিন পার করছে। আর আহত শ্রমিকরা পঙ্গু হয়ে জীবনযাপন করছেন। আমাদের দাবি তাজরিনের এ ভবনটি ভেঙে এখানে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতালে তৈরি করা হোক ও খুনি দেলোয়ারের ফাঁসি হোক।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন লিমিটেডের মালিক দেলোয়ার পরিকল্পিতভাবে কারখানায় আগুন দেয়। এ আগুনে ১১৪ শ্রমিক নিহত এবং ১৭২ জন শ্রমিক গুরুতর আহত ও বহু শ্রমিক আহত হয়ে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সু চিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণ, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দায়ী ব্যাক্তিদের বিচার হয়নি।
ঢাকা,সোমবার ২৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















