প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাসভবনের গেটে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার ‘শ্যামা পাখি’ নামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।বুধবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হকের নেতৃত্বে পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ৬ মিনিটে দুই যুবক বাড়ির গেটের সামনে পলিথিন জাতীয় কিছু রেখে আগুন ধরিয়ে মোবাইলে ছবি তুলে দ্রুত সরে যায়। কিছুক্ষণ পর আগুন নিভে যায়।
বাড়িটির নিচতলায় ভাড়াটিয়া থাকেন এবং দোতলায় পিনাকী ভট্টাচার্যের মা, মামা ও মামি বসবাস করেন।
এ ঘটনার ভিডিও আপলোড করে পিনাকী ভট্টাচার্য ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন। পোস্টে তিনি তার নিরাপত্তার অভাব প্রকাশ করেন এবং দোষীদের বিচারের দাবি জানান।
তিনি লিখেছেন, ‘আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে ২টায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি।’
পিনাকী আরো উল্লেখ করেন, ‘দুর্বৃত্ত ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে।’
নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।’
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, এ ঘটনায় পুলিশ কাজ করছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পলিথিন জাতীয় কিছুতে আগুন দেয়া হয়েছিল। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
বগুড়া,বুধবার ০৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















