বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে ৮টি বিদেশি অস্ত্রসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে সেনাবাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটির খ নম্বর বগির এক নম্বর কেবিনে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রলিব্যাগে এই পিস্তলগুলো পাওয়া যায়। পাশাপাশি গুলি, ম্যাগাজিন ও গান পাউডারও পাওয়া যায় সেখানে।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় আইএসপিআর।
ঢাকা,রোববার ২৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















