রাজধানীর মিরপুরের কালশী রোডে অবস্থিত ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারের ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১২মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, মিরপুর-১১ কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লেগেছে। আমরা খবর পাই রাত ১০টা ১২মিনিটে। প্রথম ইউনিট পৌঁছায় রাত ১০টা ২৭ মিনিটে।
রাকিবুল হাসান আরও বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।
ঢাকা,শুক্রবার ২৪ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















