আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়া সেনা কর্মকর্তাদের পক্ষে তাদের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেছেন, তাদের গ্রেপ্তার করা হয়নি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই এসব সিনিয়র ও অভিজ্ঞ সামরিক কর্মকর্তা ট্রাইব্যুনালে এসেছেন।
তারা আশা করেন, এই আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।
বুধবার (২২ অক্টোবর) সকালে কয়েকজন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তিনি একথা বলেন।
আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, কর্মকর্তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। প্রক্রিয়াগত কারণে হয়তো তাদের ‘গ্রেপ্তার’ দেখানো হয়েছে, কিন্তু তারা কখনোই গ্রেপ্তার ছিলেন না। এর আগে সেনা সদর দপ্তর জানিয়েছিল, সেনা আইন অনুযায়ী তারা ‘আর্মি এটাচমেন্টে’ (সেনা হেফাজতে) ছিলেন।
তিনি বলেন, ট্রাইব্যুনালে তিনটি আবেদন পেশ করা হয়েছে। একটি জামিন আবেদন, একটি ‘কমিউনিকেশন প্রিভিলেজ’ (যোগাযোগের বিশেষ সুবিধা) এবং সাব-জেলে রাখার আবেদন। সাব-জেলে রাখার বিষয়টি জেল কর্তৃপক্ষ দেখবে বলে এই আবেদনটি আর প্রেস করতে হয়নি।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল আবেদনগুলো শুনেছেন। এই আবেদনগুলোর ওপর পরবর্তী তারিখে শুনানি অনুষ্ঠিত হবে।
ঢাকা,বুধবার ২২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















