জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ সই অনুষ্ঠান। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) যদি কোনো রাজনৈতিক দল এ সনদে সই না করে, তারা পরেও সুযোগ পাবেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান প্রস্তুতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গে অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো সনদের অঙ্গীকারনামা অংশে স্বাক্ষর করবেন। পাশাপাশি কমিশনের সদস্যরাও সই করবেন, আর সর্বশেষে স্বাক্ষর করবেন কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে সনদের কপি সরবরাহ করা হবে, যাতে তারা জানতে পারেন সনদে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।তিনি বলেন, শুক্রবার সব দলের স্বাক্ষর নিতে পারলে ভালো। তবে যদি কোনো দল পরবর্তীতে স্বাক্ষরের কথা বলে… তারা তো সনদ প্রক্রিয়ার অংশীদার। শরিক হিসেবে তারা সেটি করতে পারবে। তবে কমিশন আশা করে, সবাই একসঙ্গে বসে উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর করবে।
ঢাকা,বৃহস্পতিবার ১৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















